ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে বিশ্ব বাণিজ্যের পাশাপাশি আমাদের বিপিও/আউটসোর্সিং শিল্পও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। সরকার বিভিন্ন আর্থিক প্রণোদনা প্রকল্প গ্রহণ করলেও ব্যাংকগুলোর নানা জটিলতায় সুবিধাবঞ্চিত হচ্ছে বিপিও শিল্পের প্রতিষ্ঠানগুলো। এজন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাক্কো জানিয়েছে, গত মার্চ মাস থেকে প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছ থেকে বিল পাচ্ছে না এবং একইসঙ্গে ক্রেতারা তাদের কাজ বন্ধ রাখার নির্দেশনা দিচ্ছে। ফলশ্রুতিতে এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষে বিপুলসংখ্যক জনবলের বেতন-ভাতা, অফিস ভাড়া, ইউটিলিটি বিল পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তাই ধারণা করা হচ্ছে, বিপিও প্রতিষ্ঠানগুলোর ব্যবসা টিকিয়ে রাখার জন্য অচিরেই চাকরি হারাতে যাচ্ছে এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত ৫০ হাজার জনশক্তির একটি বড়ো অংশ। বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার কর্তৃক আর্থিক প্রণোদনা অথবা সহজ শর্তে জামানতবিহীন ও সুদবিহীন ঋণ সুবিধা প্রদান করা প্রয়োজন। বিরূপ অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে তথ্যপ্রযুক্তি খাতের পাঁচটি জাতীয় বাণিজ্য সংগঠন বাক্কো, বেসিস, বিসিএস, আইএসপিএবি এবং ই-ক্যাব তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারের কাছে আগামী ছয় মাসের জন্য মোট ১ হাজার ৯৩০ কোটি টাকা আর্থিক সহায়তা (ওয়ার্কিং ক্যাপিটাল) চেয়েছে। তাই এ বিষয়ে দ্রুত বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিপিও শিল্পের জন্য সহজ শর্তে ঋণ প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত করে সব ব্যাংকে অবহিত করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বাক্কো।
