স্পোর্টস ডেস্ক
করোনা সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে অনুশীলনে ফিরছে সিরি’আর দলগুলো। তারই ধারাবাহিকতায় বিদেশে থাকা খেলোয়াড়রা ফিরছেন ইতালিতে। সপরিবারে ক্রিশ্চিয়ানো রোনালদোও তুরিনে ফিরেছেন প্রায় দুই মাস পর। তবে ফেরার পরই নিয়ম মেনে তাকে থাকতে হচ্ছে হোম কোয়ারেন্টাইনে।
করোনা ভাইরাসের প্রকোপ কমতে শুরু করায় ইতালি চেষ্টায় আছে স্বাভাবিক জীবনে ফেরার। তারই একটা অংশ লিগ ফেরানোর চেষ্টা। চলতি সপ্তাহ থেকে দলগুলোর ব্যক্তিগত অনুশীলনে নামার কথা। ১৮ মে থেকে শুরু হবে দলগত অনুশীলনও। তার আগে গত সোমবার তুরিনে নিজের ব্যক্তিগত বিমানে সপরিবারে ফিরেছেন রোনালদো।
নিজের অসুস্থ মাকে দেখতে গত মার্চে পর্তুগালে গিয়েই আটকে পড়েন রোনালদো। করোনার কারণে ইতালিও এরপর লকডাউনে চলে গেলে আর তুরিনে ফেরা হয়নি পর্তুগাল অধিনায়কের।
