রাজশাহীতে তিন ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ০৫ মে ২০২০, ২১:২৮

টাকা ও মোবাইল উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো রাজপাড়ার আল আমিন হূদয়, বাপ্পি ইসলাম মধু ও আজমাইন আহনাম তৌকিব। মঙ্গলবার সকালে তাদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়।

গত ৩০ এপ্রিল দুপুরে নগরীর দরগাপাড়ার মুক্তিযোদ্ধা মরহুম মাহাফুজুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী ব্যাংক থেকে টাকা তুলে রিকশাযোগে যাওয়ার সময় সিপাইপাড়া মাদারবক্স আইডিয়াল স্কুলের সামনে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাকে মারধর করে টাকা, কাগজপত্র ও মোবাইলসহ ভ্যানিটিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, সোমবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।