ঠাকুরগাঁও প্রতিনিধি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঠাকুরগাঁও শহরে দুটি মেসের ছয় মাসের ভাড়া মওকুফ করেছেন এক মেস মালিক।
গত রবিবার আব্দুল্লাহ আল মামুন নামের মেস মালিক তার ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে ভাড়া মওকুফের বিষয়টি জানান।
আব্দুল্লাহ আল মামুন শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা, তিনি জেলা জজ আদালতের আপিল সহকারী হিসেবে আছেন। ফেসবুক ওয়ালে তিনি লিখেন, এতদ্বারা ঠাকুরগাঁও কলেজপাড়াস্থ মামুন ছাত্রাবাস ও তাকিয়া ছাত্রী নিবাসের সকল ছাত্র-ছাত্রীর করোনা সংকটকালীন রুম ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হলো।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়েছে মানুষজন। ঠিক এসময় ছয় মাসের জন্য মেস ভাড়া মওকুফ করা মানবতার অনন্য দৃষ্টান্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে মামুনকে ধন্যবাদ জানাই।
