লকডাউনে সেই পুরোনো চিত্র!

আপডেট : ০৫ মে ২০২০, ২১:৫০

বগুড়া শহরে লকডাউন অকার্যকর। দোকানপাট খোলা, যানবাহন ও মানুষের গা ঘেঁষে চলাচল নিত্যদিনের চিত্র। অথচ করোনা বিস্তার রোধে সারা জেলায় প্রশাসন ২১ এপ্রিল লকডাউন ঘোষণা করে। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এ নিয়ম কেউ মানছেন না। শহরের ফুটপাত থেকে শুরু করে বড়ো বড়ো মার্কেটে সব ধরনের দোকান খোলা। সময়সূচির তোয়াক্কা করা হচ্ছে না। দোকানপাটে মানুষের উপচেপড়া ভিড়। এখানে সামাজিক বা শারীরিক দূরত্বের বালাই নেই। রোজা শুরুর পরপর বগুড়া শহরে মানুষের ভেতর লকডাউন উপেক্ষা করে ঘর থেকে বের হওয়ার হার বেড়েছে। ধীরে ধীরে তা স্বাভাবিক রূপ নিচ্ছে। শহরের ব্যস্ততম সাত মাথা থেকে সার্কিট হাউজ মোড়, জলেশ্বরীতলা, ঠনঠনিয়াবাজার, ফতেহআলী বাজার, চেলোপাড়া, বনানী, স্টেশন রোড, থানা রোড, রাজাবাজার, বড়োগোলা মোড়, কালীতলা, নবাববাড়ি রোড ও উপশহরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানুষ সমাগম লক্ষণীয়। এই লোক সমাগম নিয়ন্ত্রিত হওয়া উচিত করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে। পরিশেষে, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া