এই সময়ের ছড়া
আহমেদ জসিম
করোনার ভয়ে বসে আছি ঘরে বাইরে বেরুনো মানা,
লকডাউনের খাঁড়াতে পড়েছি—জিন্দেগি ফানা-ফানা।
রাস্তায় শুনি পুলিশের বাঁশি কখনো বা ঘোরে সেনা,
বেরুলেই নাকি জেলে যেতে হবে—শুধিতে হইবে দেনা!
এইভাবে ঘরে হাঁসফাঁস করে কেটে গেল গোটা মাস,
আর কত দিন কাটবে এভাবে আলসেমি করে চাষ!
চীন-মার্কিন, ল্যাটিনের দেশ, আফ্রিকা-ইউরোপ—
কোত্থাও নেই এতটুকু ছাড়, সমানে দাগায় তোপ।
মানুষের জ্ঞান অসহায় আজ—এ কিরে তেলেসমাত!
যারা এতদিন শক্তি-দর্পি তারাও যে কুপোকাত।
এতকাল ধরে সারা দুনিয়াটা দাপিয়ে বেড়াল যারা,
তারা যেন আজ বেশি অসহায়, বেচারা-সর্বহারা।
যাদের দাপটে আফ্রো-এশিয়া, ল্যাটিনের দেশে দেশে
কেঁদেছে মানুষ, বেঘোরে মরেছে, হেরে গেছে অবশেষে,
তারাই আজকে বাঘের সামনে অসহায় মেষ-শিশু;
এই লীলাখেলা অতি সুকঠিন বোঝে কোন সাধু-যিশু?
তাই বলি শোন দর্পিরা যত অপরাধ হলো জমা
নত হও যদি মহান সৃষ্টিকর্তা করবে ক্ষমা।
