বৃদ্ধের লাশ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে স্ত্রী-সন্তান

আপডেট : ০৫ মে ২০২০, ২২:৫২

ময়মনসিংহের গৌরীপুরে আব্দুল হাই (৬৫) নামে এক বৃদ্ধের শ্বাসকষ্টে মৃত্যু হলেও জমি সংক্রান্ত বিরোধের জেরে বিষয়টিকে করোনা ভাইরাসে  মারা যাওয়ার গুজব রটিয়ে মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। আর এ ন্যক্কারজনক কাজ করেছে মৃত আবদুল হাইয়ের আত্মীয়স্বজন। এ অবস্থায় মরদেহ ভ্যানে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে মৃত আব্দুল হাইয়ের বিধবা স্ত্রী ফিরোজা খাতুন ও ছেলে শাহজাহান মিয়াকে। সোমবার রাতে এ ঘটনাটি ঘটে গৌরীপুর উপজেলার ২ নম্বর ইউনিয়নের সাতুতী গ্রামে।

জানা যায়, গার্মেন্টকর্মী শাহজাহান মিয়া ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বাবা আব্দুল হাইকে সঙ্গে নিয়ে থাকতেন। দীর্ঘদিন ধরে আব্দুল হাইয়ের শ্বাসকষ্ট ছিল। সোমবার সকালে তাকে নিয়ে শাহজাহান গৌরীপুর উপজেলার সাতুতী গ্রামে নিজ বাড়িতে পৌঁছালে আব্দুল হাইয়ের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিত্সার জন্য ছেলে বাবাকে নিয়ে যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে মারা যান আব্দুল হাই।

অ্যাম্বুলেন্সে তার মরদেহ নিয়ে বাড়িতে ফিরলে দাফনে বাধা দেয় আব্দুল হাইয়ের ভাতিজা ও স্বজনরা।

জানা যায়,  ঘটনার পর শাহজাহান বাবার মরদেহ নিয়ে চলে যায় তাঁতকুড়া এলাকায়। সেখান থেকে একটি ভ্যানে করে মরদেহ নিয়ে কোনাপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে দাফনের চেষ্টা করে। করোনা ভাইরাসে মারা গেছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় সেখানেও বাধার মুখে দাফন সম্ভব হয়নি। অগত্যা ভ্যানে বাবার মরদেহ নিয়ে সেখান থেকেও চলে আসতে হয়। গৌরীপুর বাজারের রাস্তায় এদিক-সেদিক ঘুরাঘুরির সময় রাত ২টার দিকে বিষয়টি জানতে পারেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি। খবর পেয়ে ঘটনাস্থলে যান গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সে কারণে দাফন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। পৌর কাউন্সিলর আতাউর রহমান আতার উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। মঙ্গলবার ফজরের নামাজের পর পৌরসভার পশ্চিম দাপুনিয়ার কবরস্থানে মরদেহ দাফন হয়।