খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২০, ১২:০৩

খুলনায় জরিনা বেগম (৬৫) নামে এক করোনা রোগীর  মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে।

করোনা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. শেখ ফরিদউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল থেকেই ওই নারীর শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি তার ডায়েরিয়া ছিল। রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

করোনা হাসপাতাল সূত্র জানায়, জরিনা বেগম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২২ এপ্রিল খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে ৩০ এপ্রিল তার করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দিন রাতেই তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। এর আগে গত ২২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে রূপসা উপজেলার নূর আলম খান (৪৩) নামে একজন মারা যান। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত করোনায় দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর জানায়, খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৬৪ জন।

ইত্তেফাক/এমআরএম