বাগেরহাটের চিতলমারীতে কালবৈশাখী,গাছ চাপায় ছাত্র নিহত

আপডেট : ০৬ মে ২০২০, ১৩:৪৯

বাগেরহাটের চিতলমারীতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ইমন মল্লিক (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় দিকে জেলার চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা গ্রামে বৃষ্টির সাথে দমকা ঝড়ো হাওয়ায় বসত ঘরের উপর গাছ চাপা পড়ে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। ঝড়ে হিজলা গ্রামের পাকা ও আধা পাকা অন্তত দশটি বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

বুধবার সকালে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম ঝড়ে ক্ষতিগ্রস্থ গ্রামটি পরিদর্শন করেছেন। ঝড়ে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুত করছে স্থানীয় প্রশাসন। গাছ চাপা পড়ে নিহত মাদ্রসা ছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করছে প্রশাসন।

নিহত ইমন মল্লিক চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা আলীয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ও হিজলা গ্রামের আনসার মল্লিকের ছেলে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বুধবার সকালে এই প্রতিবেদককে বলেন, মঙ্গলবার রাত দশটা নাগাদ বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হয়। ঝড়ো বাতাসে হিজলা গ্রামের আনসার মল্লিকের বাড়ির একটি মেহগনি গাছ উপড়ে তার খড়ের তৈরি ঘরের উপরে পড়ে। এসময় ওই ঘরে থাকা তার মাদ্রাসা পড়–য়া ছেলে ইমন গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ইমনের বাবা মা অন্য ঘরে থাকায় তারা প্রাণে বেঁচে গেছেন। ঝড়ে হিজলা গ্রামের পাকা ও আধা পাকা অন্তত দশটি বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ে যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের তালিকা প্রস্তুত করে সাহায্য করা হবে। গাছ চাপা পড়ে নিহত মাদ্রসা ছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম