একদিকে চলছে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ, অন্যদিকে চলছে মানুষের জীবিকা রক্ষার লড়াই। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও অর্থনীতির চাকা সচল রাখা—এই দুটোই এখন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবন বাঁচানোর জন্যই জীবিকা অপরিহার্য। বর্তমান পরিস্থিতিতে সুপরিকল্পিত উপায়ে করোনা ও অর্থনৈতিক সংকট দুটোই মোকাবিলা করতে হবে। ঈদকে সামনে রেখে দীর্ঘদিন পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলায় স্বাভাবিকভাবেই বাজারে ভিড় খুব বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখতে হবে—ভিড় যত বেশি হবে বিপদের ঝুঁকিও তত বাড়বে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জসহ যেসব এলাকায় সংক্রমণের হার বিপজ্জনক পর্যায়ে রয়েছে, সেখানে কড়াকড়ি ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি জনমনে আতঙ্ক সৃষ্টি না করে নিজেদের সুস্থ রাখার ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে এবং একইসঙ্গে একজন আক্রান্ত ব্যক্তিরও সচেতন থাকতে হবে—যাতে তাঁর দ্বারা পরিবার বা সমাজের কেউ সংক্রমিত না হয়।
বিপ্লব বিশ্বাস
গোয়ালচামট, ফরিদপুর
