গাজীপুর প্রতিনিধি
করোনা সংক্রমণের দিক দিয়ে তৃতীয় হটস্পট হিসেবে গাজীপুর স্থান করে নিয়েছে। এ জেলায় করোনা ভাইরাস পরীক্ষার কোনো ল্যাব না থাকায় এতদিন গাজীপুর থেকে নেওয়া নমুনাসমূহ ঢাকা থেকে পরীক্ষা করিয়ে আনা হতো। আর গাজীপুরে করোনা পরীক্ষার জন্য আগামী কয়েকদিনের মধ্যেই স্থাপিত হবে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব। বুুধবার গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।
প্রায় ৪০ লাখ মানুষের বাস গাজীপুরে। এখানে এ পর্যন্ত মাত্র ৩ হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে থেকে ৩৩৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নানা জটিলতায় নমুনা সংগ্রহ, ঢাকায় প্রেরণ ও ফলাফল প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে। অনেকে নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করতে করতে হতাশ হয়ে ঢাকা চলে যান। আবার অনেকে নমুনা দিয়ে তিন/চার দিনে ফলাফল জানতে পারেন না। এসব কারণে গাজীপুরে করোনা পরীক্ষার জন্য একটি পিসিআর ল্যাব স্থাপন করা জেলাবাসী দাবি করে আসছিল।
ইতিমধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালটিকে কোভিড-১৯ চিকিত্সার জন্য ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু গাজীপুরে করোনা পরীক্ষার কোনো ল্যাব না থাকায় জেলাবাসীকে করোনা পরীক্ষার জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এসব কারণে গাজীপুরে এখন অন্তত একটি করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়ে।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পিসিআর ল্যাব রয়েছে। আমরা চাচ্ছি সেই ল্যাবটি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে স্থাপন করতে।
