সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি : এমএসএফের উদ্বেগ

আপডেট : ০৬ মে ২০২০, ২২:১৫

চলমান করোনা ভাইরাস পরিস্থিতি এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনাকারীদের বিরুদ্ধে মামলা এবং অপহরণের অভিযোগ ওঠার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

এমএসএফ মনে করে বিদ্যমান সংকটাবস্থায় সাংবাদিকরা দেশের জনগণকে ও সরকারের বিভিন্ন পর্যায়ে তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের বক্তব্য ও প্রয়োজনীয়তাসমূহ এবং সরকারের গৃহীত পদক্ষেপের কার্যকারিতা সম্পর্কে নীতিনির্ধারকদের অবহিত করছে। এমএসএফ আরো মনে করে ডিজিটাল আইনের মধ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের হয়রানি, গ্রেফতার ও কণ্ঠরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে এমন পরিবেশ তৈরি করা, গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার ক্ষেত্রে ঘটনাসমূহের প্রভাব বিবেচনায় নিয়ে গ্রেফতারকৃত সাংবাদিককে দ্রুত মুক্তি প্রদানসহ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমএসএফ জোর দাবি জানাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি