আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর হয়ে পড়েছে। গতকাল বুধবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে আরো বলেন, ‘টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়ত। গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। সরকার অনেক বেশি টিভি চ্যানেলের অনুমতি দিয়েছে বলেই বিএনপি তার অস্তিত্ব প্রকাশের সুবর্ণ সুযোগ পেয়েছে। টেলিভিশন না থাকলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে আরো গুরুত্বহীন হয়ে পড়ত।
করোনা সংকট মোকাবিলায় বিএনপির টাক্সফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি মির্জা ফখরুল সাহেবকে জিগ্যেস করতে চাই আজ আমাদের চেয়েও পৃথিবীর অন্যান্য দেশে ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে করোনা ভাইরাস। এসব দেশের কোনো একটিকে কি আপনি দেখাতে পারবেন, যে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে টাস্কফোর্স গঠিত হয়েছে? তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ যেসব দেশে টাক্সফোর্স হয়েছে সেগুলো চিকিত্সা তথা ভ্যাকসিন রিলেটেড, সেটা রাজনৈতিক কোনো টাক্সফোর্স নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার কি করেছে বা করছে তা বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন নেই। আজ ইকোনমিস্টসহ প্রেস্টিজিয়াস আন্তর্জাতিক সাময়িকীগুলোতে শেখ হাসিনার নেতৃত্বে এবং তার সরকারের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারে নয়, তিনি কাজে বিশ্বাসী। সরকারের ভুল হলে সংশোধনের পরামর্শ দিন। ভুল সংশোধনের গঠনমূলক পরামর্শ আর একপেশে সমালোচনা এক নয়। যে কোনো যুক্তিগ্রাহ্য পরামর্শ শেখ হাসিনা ইতিবাচকভাবে দেখেন।
ওবায়দুল কাদের বলেন, এই সংকটে আমরা দেখতে পাচ্ছি বিএনপি রাজনীতি নেতিবাচকতার বৃত্তে আবর্ত হচ্ছে। আমি আবারও বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ মানবিক কল্যাণে এগিয়ে এসেছেন। নির্মাণ করেছে বিশাল হাসপাতাল। দুর্যোগকালে তাদের এ প্রয়াস আশার আলো জাগিয়েছে। চিকিত্সা ক্ষেত্রে মানবিক কল্যাণে বসুন্ধরা গ্রুপকে এগিয়ে আসার জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এ সময়ে ওবায়দুল কাদের বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে বুদ্ধ সমাজের সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
