এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

আপডেট : ০৬ মে ২০২০, ২২:৫৮

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাবিবুর রহমান মোল্লা (৭৮) আর নেই। গতকাল বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিত্সারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বর্ষীয়ান এই রাজনীতিবিদ স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বাদ আছর মাতুয়াইল ঈদগাহ মাঠে হাবিবুর রহমান মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মাতুয়াইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। 

ডায়বেটিস, উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই সংসদ সদস্য। বেশ কিছুদিন আগে তার বাইপাস সার্জারি করা হয়। গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।          শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল সকালের দিকে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এবং কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, আইনমন্ত্রী আনিসুল হক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

জেপির শোক

হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। গতকাল এক যৌথ বিবৃতিতে জেপি নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ১৯৪২ সালের ২৭ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তার বড়ো ছেলে মশিউর রহমান সজল মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।