কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী চক্রের আস্তানায় পুলিশের অভিযানে তিন জন চিহ্নিত দুর্বৃত্ত নিহত হয়েছে। এ সময় পাঁচ জন পুলিশ সদস্য আহত হন। পুলিশ আস্তানা হতে দেশি-বিদেশি ১৮টি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। গতকাল বুধবার উপজেলার হ্নীলা রঙ্গিখালী গাজী পাহাড়ে এই অভিযান চালানো হয়।
ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল গাজী পাহাড়ে অবৈধ অস্ত্র তৈরি ও মাদক চোরাচালানে জড়িত চক্রের আস্তানায় অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে পুলিশের ইন্সপেক্টর লিয়াকত, মশিউর রহমান, সনজিব দত্ত, সৈকত বড়ুয়াসহ পাঁচ সদস্য আহত হন। তখন পুলিশ পালটা গুলি চালালে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ অস্ত্র তৈরির কারখানায় তল্লাশি করে ১৮টি দেশি-বিদেশি অবৈধ অস্ত্র, ২০০ রাউন্ড গুলি, ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল মজিদ ওরফে ভুলাইয়্যা বইদ্যের ছেলে নুরুল আলম (৪০), ছৈয়দ আলম (৩৫) ও শব্বির আহমদের ছেলে আব্দুল মোনাফকে (২০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে টেকনাফ উপজেলা হাসপাতালে আহত পুলিশ সদস্যদের চিকিত্সা দিয়ে গুলিবিদ্ধ সন্ত্রাসীদের আরো উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
