পুঁজিবাজারে মোবাইল অ্যাপ ব্যবহার ৩৯ হাজার ছাড়িয়েছে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৪৮

মোবাইলের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। দেশের পুঁজিবাজার বিকাশের ক্ষেত্রে ৯ মার্চ ২০১৬ তারিখে সংযোজন হয় ডিএসই-মোবাইল অ্যাপ। এই অ্যাপ চালুর পর ক্রমবর্ধমান হারে মোবাইলে লেনদেন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে যা ২০১৮ সালের শেষে দাঁড়ায় ৩৯,৩৪৩ জনে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ২০১৮ সালে মোবাইলের মাধ্যমে মোট ৫৪ লাখ ৭১ হাজার ৮৩৫টি আদেশ প্রেরণ করে। এর মধ্যে ৩৭ লাখ ২৬ হাজার ৪৫৪টি আদেশ কার্যকর হয়। ডিএসই লেনদেন সুবিধাকে সংশ্লিষ্টদের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অবকাঠামোগত সকল সুযোগ সুবিধা উন্নয়ন করে যাচ্ছে। ডিএসইর নীতি নির্ধারকরা জানান, বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড প্রযুক্তিগত উন্নয়ন করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ডিএসই পুঁজিবাজারের লেনদেনকে করেছে সহজসাধ্য।

উল্লেখ্য, ডিএসই মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোনো স্থান থেকেই শেয়ার কেনাবেচা করা যায়। স্মার্টফোনে বাজার ও নিজ পোর্টফোলিওর সঙ্গে সরাসরি থাকার সুযোগ রয়েছে এ অ্যাপে। ল্যাপটপ কিংবা ডেস্কটপে ব্যবহারের জন্যও অ্যাপস রয়েছে। অ্যাপটি মোবাইলে ইনস্টল করে সহজে লেনদেন করা যায়। তবে বিনিয়োগকারীরা বলছেন, বর্তমানে যে সংখ্যক গ্রাহক রয়েছে ডিএসই মোবাইল অ্যাপে সেটি আরও বেশি হওয়া উচিত ছিল। এর জন্য প্রচার-প্রচারণা বাড়ানো উচিত। কারণ লেনদেনে যত সুযোগ-সুবিধা বাড়বে বিনিয়োগকারীরা ততই আকৃষ্ট হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ মার্চ ডিএসইতে মোবাইল অ্যাপ সংযুক্ত হওয়ার বছরের জুনে ব্যবহারকারীর সংখ্যা ২ হাজার অতিক্রম করে। অক্টোবরে তা বেড়ে দ্বিগুণ হয়। একই বছর ডিসেম্বরে মোবাইলে লেনদেনে গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ৬ হাজারে। ২০১৭ সালের শুরুর দিকে এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে। ২০১৭ সালের প্রথম চার মাসে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৭ হাজারে। চলতি বছর অর্থাত্ ২০১৮ সালের শেষে এর ব্যবহারকারী বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩৯ হাজার ৩৪৩ জনে।