পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশের ফেনী নদী সীমান্ত দিয়ে একজন মানসিক প্রতিবন্ধী ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করানোর চেষ্টা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য বিএসএফকে সতর্ক করতে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশকে অনুরোধ করেছেন তিনি। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের তৃতীয় দফার চিকিত্সা সরঞ্জাম হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে আমদানিকৃত মালামালসহ পেট্রোপোল সীমান্তে আটকে থাকা ট্রাকসমূহ বাংলাদেশে দ্রুত প্রবেশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাইকমিশনারকে অনুরোধ করেন। ভারত থেকে আসা ৬১ জন ড্রাইভার ও তাদের সহযোগীকে মানবিক কারণে বাংলাদেশ সরকার থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। তাদের দ্রুত ভারতে ফেরত নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন তিনি। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনার ক্ষেত্রে সহায়তার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
