কোটালীপাড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৭ মে ২০২০, ২১:০২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিউটন বাড়ৈ (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭মে) দুপুরে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিউটন বাড়ৈ কলাবাড়ী গ্রামের নিশি কান্ত বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিউটন বাড়ৈ পুকুর খনন করার জন্য ভেকু মেশিন নিয়ে বৈকুন্ঠপুর বিলে যাচ্ছিলেন। এ সময় ভেকু মেশিনের নিচে পড়ে বৈকুন্ঠপুর গ্রামের বিজয় বাগচীর ছেলে কমলেশ বাগচীর কিছু পাকা ধান নষ্ট হয়। এ নিয়ে নিউটন বাড়ৈর সাথে কমলেশ বাগচীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কমলেশ বাগচী ও তার দু'ভাই বিপুল বাগচী এবং বিনয় বাগচী মিলে নিউটন বাড়ৈকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী আহত অবস্থায় নিউটন বাড়ৈকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর নিউটন বাড়ৈর শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে পরিবারে লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

আরো পড়ুন: হিজড়া সম্প্রদায়ের পাশে ছাত্রলীগের সাবেক নেতা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর দিকে কমলেশ বাগচী ও তার ভাইয়েরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার অবস্থা এখন শান্ত রয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ইত্তেফাক/এএএম