এ মাসেই ফিরছে বুন্দেসলিগা

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৩৭

স্পোর্টস ডেস্ক

বুন্দেসলিগার দলগুলো অনুশীলনে ফিরেছিল বহু আগেই। অপেক্ষা ছিল কেবল সরকারের অনুমতির। গত বুধবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের অনুমতি মেলায় চলতি মাসের মাঝামাঝিতে জার্মান লিগের ফেরাটা নিশ্চিত হয়ে যায়।

জার্মান চ্যান্সেলর মার্কেল গত বুধবার এ ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অনুমোদিত নিয়মের অধীনে থেকে ম্যাচগুলো শুরু করতে আর সমস্যা নেই।’ এতে সম্মতি ছিল দেশটির অন্যান্য রাজনীতিবিদদেরও।

মার্কেলের এই ঘোষণার পর আনন্দ প্রকাশ করেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। পাশাপাশি জার্মান অধিনায়ক জানান, স্বাস্থ্যবিধি মেনে চলে জনগণের কাছে রোলমডেলে পরিণত হওয়ার গুরুদায়িত্বও এসে পড়েছে খেলোয়াড়দের কাঁধে।  একই সুর ঝরে লিগের প্রধান কার্যনির্বাহী ক্রিশ্চিয়ান সেইফার্টের কণ্ঠেও, ‘এটা বুন্ডেসলিগার জন্য সুখবর। নিয়মতান্ত্রিকভাবে মেডিক্যাল এবং সাংগঠনিক বিধিনিষেধগুলো মেনে চলাটা ক্লাবগুলোর ওপর এখন একটা বড়ো দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’

মার্কেলের এই অনুমতির পর ফেরার চড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক করেনি বুন্দেসলিগা কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, ১৫ মে-তেই ফিরছে লিগটি। গতকাল বৃহস্পতিবার লিগ কমিটির বৈঠকের পর দিন-তারিখ নির্ধারিত হওয়ার কথা।

করোনা ভাইরাসের কারণে জার্মানিতে ফুটবল বন্ধ হয়ে আছে মার্চের মাঝামাঝি সময় থেকেই। দেশটিতে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ এতে আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন সাড়ে ছয় হাজার মানুষ।

ইউরোপ লিগগুলোর ভেতর জার্মানিতেই সবার আগে ফেরার অনুমতি পেল ফুটবল লিগ। অথচ দুই প্রতিবেশী ফ্রান্স ও নেদারল্যান্ডস লিগ বাতিলই করে বসেছিল!

লিগ ফিরলেও দর্শকদের মাঠে ফেরা অতো তাড়াতাড়ি সম্ভব হচ্ছে না আদৌ। প্রতিটি খেলাই হবে দর্শকহীন স্টেডিয়ামে। আর বুন্দেসলিগা টু থেকে কিছুটা আগে ফিরবে বুন্দেসলিগা। দ্বিতীয় স্তরের লিগটি মাঠে ফিরবে চলতি মাসের শেষে।

বুন্দেসলিগার বেশির ভাগ ক্লাবেরই লিগে আর ৯টি করে ম্যাচ বাকি রয়েছে। এই মুহূর্তে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। তাদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।

জার্মান ক্লাবগুলো অবশ্য প্রায় মাসখানেক সময় ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছিল। তবে ক্লাবের চিকিত্সক দলের কড়া নজরদারিতে আছেন প্রতিটি খেলোয়াড়ই। নিয়মিত খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা চলছে।

সপ্তাহের শুরুতে এফসি কোলনের তিন জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিলেন। সোমবার পর্যন্ত খেলোয়াড়, স্টাফসহ মোট ১ হাজার ৭২৪ জনকে পরীক্ষা করার পর জার্মানিতে মোট ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জার্মান লিগের দ্বিতীয় পর্যায়ের একটি ক্লাবের সব খেলোয়াড় ও কর্মকর্তা আপাতত আইসোলেশনে রয়েছেন।