বামনায় করোনার মধ্যে দেখা দিয়েছে ডায়রিয়া

আপডেট : ০৭ মে ২০২০, ২১:৪৪

বামনা (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বামনায় করোনার মধ্যেই দেখা দিয়েছে ডায়রিয়া। এদিকে বামনার প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। একই পরিবারের মেয়ে, মা ও বাবাসহ তিন জন করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানের পরামর্শে বাড়িতে বসে কোয়ারেন্টাইনে থেকে চিকিত্সা নিচ্ছেন। এদিকে ছয় জনই স্ব স্ব বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। সরেজমিনে দেখা গেছে, উপজেলার অনেক গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়া। উপজেলা হাসপাতালে কোনো করোনার রোগী না থাকলেও ভর্তি হয়েছে অর্ধশতাধিক ডায়রিয়ার রোগী। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দূষিত পানি ও আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া দেখা দিয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পর্যাপ্ত খাবার স্যালাইন ও অন্য ওষুধ মজুত আছে।