এক দিনেই ১৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯ জন। ঢাকার ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৭০৬ জন; যা বুধবারের তুলনায় ৮৬ জন কম। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৯১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গতকাল বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে ৬ জন ঢাকার, ৩ জন ঢাকা বিভাগের অন্য জেলার এবং ৪ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ২ জন ৪১-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১-২০ এর মধ্যে। ১১-২০ বছরের যিনি মারা গেছেন, তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী করোনা ভাইরাস পজিটিভ ছিল, ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। দুই-তিন দিন আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। প্রথম থেকেই উনার অবস্থা খারাপ ছিল, আইসিইউতে ছিলেন। অধ্যাপক নাজমুল করিম চৌধুরী এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষকতা করেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নিয়ে ২০১৬ সালের আগস্টে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অধ্যাপক নাজমুল করিম চৌধুরী।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৫ পুলিশ কর্মকর্তা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮৫ জনে। ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, মোট আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) ৬৬৬ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
