বেতন না দেওয়া কারখানা মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

আপডেট : ০৭ মে ২০২০, ২২:১৮

মে মাসের সাত তারিখ পার হলেও এখনো গার্মেন্টস খাতের ৩ শতাধিক কারখানা শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করেনি। এসব কারখানায় দুই লাখ শ্রমিক এখনো বেতন পায়নি বলে জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বেতন পরিশোধ না করা এসব গার্মেন্টস মালিককে গ্রেফতার করার পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের বেতন পরিশোধের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।

তিনি বলেন, দেশের গাজীপুর, আশুলিয়া, সাভার, ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের ৩ শতাধিক গার্মেন্টস মালিক এখনো গত মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ না করায় ২ লক্ষাধিক শ্রমিক না খেয়ে মানবেতর জীবন-যাপন করছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা অত্যন্ত কম। বর্তমানে কোথাও কোনো ওভারটাইম হয় না। ফলে শ্রমিকেরা ওভারটাইম ভাতা পান না। নির্ধারিত মাসিক মজুরি দিয়ে চলা এমনিতেই কষ্টকর। অন্যদিকে এই ২ লক্ষাধিক শ্রমিক গত মার্চ এবং এপ্রিল মাসের বেতন-ভাতা না পাওয়ায় এরা চরম দুর্ভোগের মুখামুখি। তারা ঘরভাড়া দিতে পারছে না বলে শ্রমিকদের বাড়িওয়ালারা থাকতে দিচ্ছে না। দোকানের পাওনা পরিশোধ করতে না পারায় প্রতিনিয়ত নাজেহাল হচ্ছে। টাকাপয়সা না থাকার কারণে অধিকাংশ সময় না খেয়ে থাকতে বাধ্য হচ্ছে।

২ লক্ষাধিক শ্রমিকের এই দুর্যোগময় পরিস্থিতির জন্য দায়ী ৩ শতাধিক গার্মেন্টস মালিককে অবিলম্বে গ্রেফতার করে তাদের কারখানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, মো. রফিকুল ইসলাম রফিক, সাফিয়া পারভীন ও নাসিমা আক্তার ও কামরুল হাসান।