সামাজিক দূরত্ব বজায় না রাখায় ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭ মে ২০২০, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাচল করা এবং করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা না মানায় রাজধানীর বিভিন্ন স্থানে অমান্যকারীদের ১ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি, যাত্রাবাড়ী, ভাটারা, খিলক্ষেত, বনানী, গুলশান, খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল, কোতোয়ালি, হাতিরপুল, মগবাজার, হাজারীবাগ ও ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয়েছেন। আবার অনেকের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব বজায় না রেখে অনেককে চলাচল করতে দেখা গেছে। এসব অভিযোগে বিভিন্ন স্থানে ৫৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব ঘটনায় ৯৮টি মামলা দায়ের করে ১ লাখ ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।