আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদতবার্ষিকী পালন

আপডেট : ০৭ মে ২০২০, ২২:২৮

গাজীপুর প্রতিনিধি

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এবং দরিদ্র মানুষের মাঝে খাদ্যসহায়তা প্রদানের মাধ্যমে বৃহস্পতিবার গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শ্রমিকনেতা মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আহসান উল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও কালীগঞ্জের এমপি মেহের আফরোজ চুমকি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন। এছাড়া শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও দৈনিক নতুন কাগজের ব্যাবস্থাপনা সম্পাদক এম এ সালাম শান্ত, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান, দলীয় নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা কালো ব্যাজ ধারণ করেন, সামাজিক দূরত্ব বজায় রেখে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ করেন।

করোনা ভাইরাসে সংক্রমণের কারণে এ বছর শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদতবার্ষিকীতে কোনো আনুষ্ঠানিকতা বা কর্মসূচি রাখা হয়নি। মঙ্গলবার থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বুধবার পূবাইল, টঙ্গী এবং গাজীপুরের বিভিন্ন স্থানে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রমজীবী ও পেশাজীবীসহ ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের মদত পুষ্ট একদল সন্ত্রাসী টঙ্গীস্থ নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। পরে ২০০৫ সালের ১৬ মে এই মামলার রায়ে ২২ জনের ফাঁসি ও ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।