চিফ হুইপের নির্দেশনায় শিবচরে কৃষকের মাঝে ধান কাটার মেশিন বিতরণ 

আপডেট : ০৭ মে ২০২০, ২২:৩২

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় প্রথমবারের মতো শিবচরে অত্যাধুনিক ধান কাটার মেশিন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তায় কৃষিযন্ত্র সরবরাহ ১টি কম্বাইন্ড হারভেস্টার সরকারি ভুর্তুকি মূল্য ১৪ লাখ, মোট মূল্য ২৮ লাখ টাকার একটি মেশিন সন্ন্যাসীর ইউনিয়নের এস এম আরিফ কৃষককে মাঝে বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার অনুপম রায়ের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার), মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, অতিরিক্ত উপপরিচালক এস এম সালাউদ্দিন, কৃষি প্রকৌশলী মিতা কুন্ড। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি অফিসার অনুপম রায় বলেন, খরচ কমানোর জন্য কৃষিতে যান্ত্রিকীকরনের কোন বিকল্প নাই, সেই ধারাবাহিকতায় শিবচর উপজেলায় এই প্রথম এই যন্ত্রটি বিতরণ করা হলো। জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন মহোদয়ের দিক নির্দেশনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় করোনা ভাইরাসের মধ্যে আমরা কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি শিবচরের কৃষিকে আমরা সম্মিলিত ভাবে কাজ করে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।  

ইত্তেফাক/জেডএইচ