ছুটিতে বাড়িতে আসা পুলিশ করোনায় আক্রান্ত

আপডেট : ০৮ মে ২০২০, ০০:১৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মছিদিয়া বড়ুয়া পাড়া এলাকার ঢাকা ফেরত এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির নাম ধীমান বড়ুয়া (২৬)। বিষয়টি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ। 

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব সূত্রে জানা গেছে, ১৫০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের এসেছে পজিটিভ রিপোর্ট। তার মধ্যে ১জন লোহাগাড়ার। এই পর্যন্ত লোহাগাড়ায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৪ জনে দাঁড়াল।  

জানা যায়, পুলিশ সদস্য ধীমান বড়ুয়ার কর্মস্থল ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে। কয়েকদিন আগে উক্ত পুলিশ সদস্য ছুটিতে ঢাকা থেকে নিজের বাড়ি লোহাগাড়ায় আসেন এবং হোম কোয়ারেন্টাইনে থাকেন। খবর পেয়ে লোহাগাড়া উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

ইত্তেফাক/আরকেজি