সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

আপডেট : ০৮ মে ২০২০, ০০:২৮

সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মহামারির প্রাদুর্ভাব কমাতে সরকারি নির্দেশ মোতাবেক সব মানুষের ঘরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলজনগোষ্ঠী কর্মহীন ও রোজগারবিহীন অবস্থায় পতিত হয়েছে। এই সংকটকালীন পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও সরকারি যাকাত ফান্ডের অর্থ কর্মহীন হয়ে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। যাকাত প্রদানে সক্ষম যে কেউ ইসলামিক ফাউন্ডেশনের এই উদ্যোগের সঙ্গে সামিল হতে পারেন। তাই বর্তমান পরিস্থিতিতে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করে দেশের এই সংকটকালে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার জন্য দেশের বিত্তবান ও অবস্থাসম্পন্ন ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।