বিশ্বের অন্যান্য দেশের মতো আফ্রিকা মহাদেশেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই মহাদেশে আক্রান্তের সংখ্যা গতকাল ৫০ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত অন্যান্য স্থানের তুলনায় কম হলেও করোনা ভাইরাসের হানা সেখানে দীর্ঘদিন থাকতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাজভৃত্য করোনায় আক্রান্ত হয়েছেন। জার্মানিতে শরতের আগে আবারও করোনা হানা দিতে পারে বলে আশঙ্কা করছেন এক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা। পাকিস্তানে কাল শনিবার থেকে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্ব জুড়ে গতকাল করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ৩৮ লাখ ৮১ হাজার ৩১২ জন এবং প্রাণহানির সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৪৬৭ জন। সুস্থ হয়েছে ১৩ লাখ ২৯ হাজার ২২৩ জন।
আফ্রিকায় আক্রান্ত ৫০ হাজারের অধিক
আফ্রিকা ইউনিয়নের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল (আফ্রিকা, সিডিসি) জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ইউনিয়নভুক্ত দেশে ৫০ হাজার ছাড়িয়েছে। আর মারা গেছে ২ হাজারের বেশি মানুষ। মাত্র ১৮ দিনে আক্রান্ত বেড়েছে ৩০ হাজার। এর আগে ১৮ এপ্রিল সংক্রমণের সংখ্যা ছিল ২০ হাজার। মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ৭ হাজার ৫৭২ জন, মিসরে ৭ হাজার ৫৮৮, আলজেরিয়ায় ৪ হাজার ৯৭৭ ও মরক্কোয় হাজার ৪০৮ জন আক্রান্ত। বাকিগুলো অন্যান্য দেশে। মহাদেশে সুস্থ হয়ে উঠেছে ১৭ হাজারের বেশি মানুষ। ইম্পেরিয়াল কলেজ লন্ডন জানিয়েছে, কোভিড-১৯-এ আফ্রিকায় ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে। জাতিসংঘের ইকোনোমিক কমিশন ফর আফ্রিকা এক গবেষণায় সম্প্রতি জানিয়েছে, মহাদেশে ১২২ কোটি মানুষ আক্রান্ত এবং ৩৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
লকডাউন শিথিল করছে পাকিস্তান
দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, শনিবার থেকে লকডাউন শিথিল করা হচ্ছে। কারণ লকডাউনে মানুষ দুর্ভোগে আছেন। এজন্য পর্যায়ক্রমে শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান জানিয়েছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত সফল হবে কি না, তা নির্ভর করবে জনগণের ওপর। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। ১০ মে থেকে চালু করা হচ্ছে ট্রেন সার্ভিস। দেশটিতে গতকাল পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা ২৪ হাজার ৮৯১ এবং মৃতের সংখ্যা ৫৯১ জন।
মস্কোতে লকডাউনের মেয়াদ বেড়েছে
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীতে লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আক্রান্তে ফ্রান্স ও জার্মানিকেও ছাড়িয়ে গেছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৭৭ হাজার ১৬০ এবং প্রাণহানির সংখ্যা ১ হাজার ৬২৫। আক্রান্তের মধ্যে ৯২ হাজার ৬৭৬ জনই মস্কোতে।
ট্রাম্পের সাজভৃত্য করোনায় আক্রান্ত
মার্কিন মিডিয়া সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাজভৃত্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউজ সিএনএনের রিপোর্টের সত্যতা নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার এই তথ্য জানার পর হতাশ হয়ে পড়েন বলে জানা গেছে। হোয়াইট হাউজের অন্যতম মুখপাত্র হোগান গিডলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পরীক্ষা করিয়েছেন। তাদের নেগেটিভ ফল এসেছে। পপ তারকা ম্যাডোনা জানিয়েছেন, ফেব্রুয়ারি-মার্চে তারও করোনা পজিটিভ এসেছিল। কিন্তু তিনি জানাননি। তবে তিনি এখন সুস্থ। যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত মারা গেছে ৭৫ হাজার ৫৩৯ জন এবং আক্রান্ত ১২ লাখ ৭৪ হাজার ৮৬ জন।
যুক্তরাজ্য অর্থনীতিতে ৩০০ বছরে বড়ো সংকোচনের আশঙ্কা
ব্যাংক অফ ইংল্যান্ডের হিসাব অনুযায়ী, ১৪ শতাংশ সংকুচিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতি। এটা জাতীয় পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বড়ো পতন, যা ১৯৪৯ সাল থেকে হিসাব রাখা হয়েছে। আবার ব্যাংক অফ ইংল্যান্ডের পরিসংখ্যান যদি ধরা হয় তবে ১৭০৬ সালের পর আর এত বড়ো পতন হয়নি।
তুরস্কের পিপিই প্রত্যাখ্যান করলো ব্রিটেন
ব্রিটেনের সরকার বলছে তারা তুরস্ক থেকে যে চার লাখ পিপিই আনার অর্ডার দিয়েছিলেন সেগুলো মানসম্মত নয়। গত মাসে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সের বিমানে অর্ডারের অর্ধেক পিপিই গাউন দেশটির জাতীয় স্বাস্থ্য সেবাকর্মীদের জন্য নিয়ে আসা হয়েছিল। এখন সেগুলো গুদামে বসে আছে। তুরস্কের যে প্রতিষ্ঠানটি এই পিপিই বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে তাদের মুখপাত্র বলছেন তারা কোন অভিযোগ পাননি।
অন্যান্য দেশের পরিস্থিতি
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, তার দেশে করোনা মহামারির প্রথম ধাপ শেষ হয়েছে। তবে তার চিফ অব স্টাফ হেলগে ব্রাউন জানিয়েছেন, বছর জুড়েই করোনা ভাইরাস থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, শরতের আগেই আবার করোনা হানা দিতে পারে। ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে। ২৪ ঘণ্টায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে ৩ হাজার ৫৬১ জনের শরীরে। এই নিয়ে দেশে মোট আক্রান্ত ৫২ হাজার ৯৫২ জন। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে বাড়ছে। এক দিনে মারা গেছে ৮৯ জন। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৭৮৩। নেপালে ১৮ মে পর্যন্ত চলবে লকডাউন। দেশটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ৮২ জন। শ্রীলঙ্কার সরকার বলছে, দেশটিতে আক্রান্ত ৫৪৮ জন, যার মধ্যে ৩০০ জনের বেশিই নৌবাহিনী থেকে এসেছে। এই দেশটিতে ৭০০র বেশি মানুষ আক্রান্ত এবং আট জন মারা গেছেন। চীন একটি বানরের ওপর কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষা করে সফল হয়েছে।
