দিনাজপুর-২: নৌকার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী জয়ী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৩০

প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে টানা তৃতীয় বারের মতো দিনাজপুর-২ ( বোচাগঞ্জ উপজেলা ও বিরল) আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

নৌকা প্রতীক নিয়ে খালিদ মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ পিনাক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ হাজার ৮২২ ভোট। 

এর আগে সকালে রবিবার সকাল পৌনে ৯টায় বাবার কবর জিয়ারত করে বোচাগঞ্জের ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের কোথাও কোনো ধরনের জবরদস্তি না করার কঠোর নির্দেশ দেন। 

স্থানীয়রা বলছেন, কোনো ধরপাকড় ও অনিয়ম ছাড়া এ আসনে ভোট সম্পন্ন হয়েছে। আসনটিতে ৬০ হাজারের বেশি ভোটার অনুপস্থিত ছিলেন। দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে ১১৩টি কেন্দ্র। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৫৭৯ জন। ভোট প্রদান করেছেন দুই লাখ ৪৬ হাজার জন। 

আরো পড়ুন: জয়ের পথে বাংলাদেশের ‘আয়রন লেডি’: এপি

খালিদ মাহমুদ চৌধুরী ২০০৮ সালে দিনাজপুর-২ আসন থেকে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। ২০১৪ সাধারণ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন। 

ইত্তেফাক/কেআই