ব্যবসা-বাণিজ্যেও অবদান রাখতে পারে প্রতিবন্ধীরা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:২৩

ব্যবসা-বাণিজ্যে প্রতিবন্ধীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে গত ২০ ডিসেম্বর টাইম ম্যাগাজিনে ক্যারোলিন কেসি নামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক তরুণ প্রভাবশালী সদস্যের লেখা প্রকাশিত হয়েছে। বিভিন্ন পেশায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকরণ ক্যাম্পেইনের উদ্যোক্তা ক্যারোলিন কেসির লেখাটির ভাবানুবাদ

করেছেন— আশেক খান আলেখীন

অ র্ধশতাব্দীরও বেশি সময় আগে প্রতিবন্ধীদের জন্য বিশেষ অলিম্পিক গেমসের আয়োজন করা হয় যার নাম দেওয়া হয় প্যারা অলিম্পিক গেমস। এটা ছিল প্রতিবন্ধীদের খেলাধুলায় সম্পৃক্তকরণের ক্ষেত্রে একটা বলিষ্ঠ উদ্যোগ। এর পর থেকে নিয়মিত প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়ে আসছে। সর্বশেষ ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্যারা অলিম্পিকের আসর বসে যা দেখতে সেখানকার স্টেডিয়ামগুলোতে বিপুল দর্শকের সমাগম হয় এবং সেই সঙ্গে বিশ্বের কোটি কোটি মানুষও টিভিতে তা উপভোগ করে এবং প্রতিবন্ধীদের মানসিক দৃঢ়তা দেখে চমত্কৃত হয়।

কিন্তু ক্রীড়া জগত্ বিশ্বের ১০০ কোটি প্রতিবন্ধী মানুষের গুরুত্ব অনুধাবন করলেও ব্যবসায়ী নেতারা চিরকালই প্রতিবন্ধীদের অবহেলা করে এসেছে। প্রতিবন্ধীরা ব্যবসা ক্ষেত্রেও যে কত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সে কথা বেশিরভাগ ব্যবসায়ী নেতারা বুঝতেই চাইছেন না। অথচ বিশ্বের জনসংখ্যার শতকরা ১৫ জন মানুষই প্রতিবন্ধী, অন্যভাবে বলা যায় বিশ্বের প্রতি ৭ জনের মধ্যে একজনই প্রতিবন্ধিতার শিকার। এই প্রতিবন্ধী মানুষগুলোর সমস্যা তাদের পরিবারগুলোতেও প্রভাব ফেলছে, সব মিলিয়ে বিশ্বের ৫৩ শতাংশ মানুষ কোন না কোনভাবে এই সমস্যার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে যারা বিশ্ব অর্থনীতিতে খুব একটা অবদান রাখতে পারছে না। অথচ এত বিশাল সংখ্যক মানুষের মাধ্যমে বছরে ৮ লক্ষ কোটি ডলার আয় করা সম্ভব। এই সত্যটা উপেক্ষা করা ব্যবসায়ী নেতাদের আর উচিত হবে না।

আসলে ব্যবসা-বাণিজ্যে প্রতিবন্ধীদের সম্পৃক্ত না করে আমরা সত্যিকার অর্থে কোন অখণ্ড সমাজ গড়ে তুলতে পারি না। আর ব্যবসা ক্ষেত্রে প্রতিবন্ধীদের যুক্ত করার জন্য দরকার বলিষ্ঠ ব্যবসায়িক নেতৃত্ব। তবে আশার কথা হলো বিশ্বের ব্যবসায়ী সমাজের অনেকেই এ বিষয়টি আজ উপলব্ধি করতে শুরু করেছেন। গত ১৪ ডিসেম্বর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ঘোষণা করেছে যে আগামী জানুয়ারিতে ড্যাভোস সম্মেলনে ব্যবসা ক্ষেত্রে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তিকরণের বিষয়টি তোলা হবে। ইতোমধ্যেই ভার্জিন মিডিয়া ও অমনিকমের মত বড় বড় ব্র্যান্ড এবং রিচার্ড ব্র্যানসন, পল পোলম্যান ও জ্যানেট রিক্কিও’র মতো নামকরা ব্যবসায়ী নেতারা তাদের ব্যবসায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন।

ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী নেতারা যে শেষ পর্যন্ত ১০০ কোটি প্রতিবন্ধীর সক্ষমতার কথা বুঝতে শুরু করেছেন, এটা সত্যিই অত্যন্ত আশাব্যঞ্জক। চলতি বছর আমরা ব্যবসা ক্ষেত্রে প্রতিবন্ধীদের সক্ষমতার স্বীকৃতি দিতে শুরু করেছি, তবে ২০১৯ সাল হবে প্রতিবন্ধীদের সত্যিকারভাবে ব্যবসা-বাণিজ্যে কাজে লাগানোর বছর এবং এভাবেই একসময় আমরা সকলের অংশগ্রহণমূলক একটা সমাজ নির্মাণ করতে সক্ষম হব।