বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনে’র উদ্যোগে ও ক্রিকেটার মুশফিকুর রহিমের সহযোগিতায় বগুড়ার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে নিম্ন মধ্যবিত্ত ও দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার শহরের মাটিডালি উচ্চ বিদ্যালয়ে একশ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মুশফিকুর রহিমের বাড়ি সংলগ্ন বগুড়া শহরের মাটিডালি উচ্চ বিদ্যালয়ে একশ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে গত দুদিনে নিশিন্দারা মধ্যাপাড়া এবং বেদে পল্লীসহ কয়েকটি এলাকায় আরও ২৫০ পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মাটিডালি উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা। অন্যদের মধ্যে বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বগুড়া প্রতিনিধি ডা. তারিক মোহাম্মদ রেজা ও বগুড়া পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মেজবাউল হামি উপস্থিত ছিলেন। ত্রাণের প্রতিটি প্যাকেটে চাল, আলু, পেঁয়াজ, তেল, ডাল, মিষ্টি কুমড়া ও দুটি করে সাবান রাখা হয়।
আরও পড়ুন: ঢাকায় ফেরা মানুষের ঢল থামছে না
ত্রাণ বিতরণে সমন্বয়কের দায়িত্ব পালন করা বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মুশফিকুর রহিমের সহপাঠী কেএএম মাসুদুর রহমান জানান, তারা গত ৪/৫ দিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। তিনি বলেন, আমরা আগে শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানার চেষ্টা করেছি কাদের সহায়তা প্রয়োজন। কোন এলাকায় কারা সর্বশেষ ত্রাণ পেয়েছে এবং কারা পায়নি। এসব তথ্য সংগ্রহ করে আমরা একটা ডাটাবেজ তৈরি করেছি। তার ভিত্তিতেই আমরা কাজ করেছি।
ইত্তেফাক/এসি
