নাগেশ্বরীতে জেলহাজতে নেওয়ার সময় হাতকড়া খুলে পালিয়েছে মাদক মামলার আসামি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদরের সবুজ পাড়ায়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামখানা ইউনিয়নের কুড়ারপাড় থেকে ১ গ্রাম হিরোইনসহ কুড়িগ্রাম সদরেরর হিঙ্গুনরায় চৌধুরী পাড়ার ইসমাইল হোসেনের ছেলে হামিদুল ইসলামকে আটক করে কাশীপুর অনন্তপুর বিজিবি। ওইদিন সন্ধ্যায় তারা তাকে নাগেশ্বরী থানা পুলিশে হস্তান্তর করে।
শুক্রবার দুপুরে কনস্টেবল আরিফুল ইসলাম ও আফতাব আলী আসামিকে জেলহাজতে পৌঁছাতে অটোরিকশায় কুড়িগ্রাম যাচ্ছিলেন। এসময় আসামির একহাতে হাতকড়া লাগিয়ে অপর হাতকড়া অটোরিকশার সাথে লাগানো ছিল। এক পর্যায়ে যানটি কুড়িগ্রামের সবুজ পাড়ায় পৌঁছালে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সে। পরে পুলিশ পিছু ধাওয়া করেও তাকে ধরতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর জানান, আসামিকে পুনরায় আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসি
