বায়ার্নের সহকারী কোচ ক্লোসা

আপডেট : ০৮ মে ২০২০, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে সহকারী কোচ হিসেবে চুক্তিবদ্ধ করেছে বায়ার্ন মিউনিখ। আগামী মৌসুম থেকে কোচ হ্যান্সি ফ্লিকের সহকারী হিসেবে তাকে দেখা যাবে বায়ার্ন ডাগআউটে।

জার্মানির হয়ে ১৩৭ ম্যাচে ৭১ গোল করা ক্লোসা ২০১৬ সালে অবসর নেওয়ার পর থেকে শেষ আড়াই বছরে বায়ার্ন যুবদলের কোচ হিসেবে কাজ করেছেন। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত চার মৌসুমে বায়ার্নে খেলেছেন তিনি, জিতেছেন লিগ ও কাপ শিরোপা।

সাবেক জার্মান স্ট্রাইকার বলেন, ‘আমার ক্যারিয়ারে পরবর্তী পদক্ষেপটা হবে কোচ হওয়া।’ আর এই পদক্ষেপে হ্যান্সি ফ্লিকের চেয়ে যোগ্য সঙ্গী আর কেউ হতেই পারতেন না। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য ছিলেন ক্লোসা। সেই দলে কোচ জোয়াকিম লোর সহকারী ছিলেন ফ্লিক। এ ব্যাপারে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘আমরা জাতীয় দলে থাকার সময় থেকেই একে অপরকে দারুণভাবে চিনি। আমরা দুজনেই একে অপরকে পেশাদারি ও ব্যক্তিগতভাবে পরস্পরকে শ্রদ্ধা করি।’