স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের আরো ১২৯ কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। শুক্রবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এই নির্দেশ পৌঁছেছে বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন।
তিনি জানান, তৃতীয় ধাপে ১২৯ কয়েদিকে মুক্তির নির্দেশনা পেয়েছি। যাদের জরিমানা নেই, তাদের সন্ধ্যার মধ্যেই মুক্তি দেওয়া হচ্ছে। আগে মুক্তির নির্দেশপ্রাপ্ত ৯৮ কয়েদির অধিকাংশ অনেকেই চলে গেছে, যারা আদালত ঘোষিত জরিমানার টাকা পরিশোধ করেনি তাদের মুক্তি আটকে আছে। তিনি আরো জানান, প্রথম ধাপে ৩৩, দ্বিতীয় ধাপে ৬৫ এবং তৃতীয় ধাপে ১২৯ জনকে মুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে। এদের বাইরে আর কাউকে মুক্তি দেওয়া হবে কী-না, সেটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে সরকার লঘু অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদিদের সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এ রকম কয়েদিদের তালিকা কিছু দিন আগে কারা অধিদপ্তর সারাদেশ থেকে নিয়েছিল। তালিকা পাওয়ার পর সারাদেশ থেকেই কয়েদিদের মুক্তি দেওয়া হচ্ছে।
