চট্টগ্রামে এক দিনেই ৫৯ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৮ মে ২০২০, ২১:২৩

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় ক্রমান্বয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার ৩৫তম দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এর মধ্যে শুক্রবার এক দিনেই করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে ৫৯ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) পরীক্ষা করা হয় ৬০টি নমুনা। তার মধ্যে ৪০ জনের পজিটিভ পাওয়া গেছে। এছাড়া ফৌজদারহাট বিআইটিআইডিতে ১৯৮টি নমুনা পরীক্ষা করে জেলার ১৮ জনের এবং কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের আরো একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।