করোনা দুর্যোগে সহায়তার হাত

আপডেট : ০৮ মে ২০২০, ২২:০৯

ডেস্ক রিপোর্ট

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

ধামরাইয়ে যুবলীগ নেতার ত্রাণসহায়তা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার অসহায়দের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল লতিফ। গতকাল কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রবিউল করিম, সোমভাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. নুর এ আলমসহ অন্য নেতাকর্মীদের নিয়ে তিনি নিজস্ব অর্থায়নে সোমভাগ ইউনিয়নের চাপিল বাজারে ঐ এলাকার দুস্থ, নিম্ন ও নিম্নমধ্য পেশাজীবী পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। আব্দুল লতিফ জানান, তিনি এ পর্যন্ত অর্ধসহস্রাধিক পরিবারকে ত্রাণসহায়তা দিয়েছেন। আপাতত ২ হাজার পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে। প্রয়োজন হলে সহায়তার পরিমাণ আরো বাড়ানো হবে। ১০ কেজি চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজসহ সাত রকমের দ্রব্যসামগ্রীর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সোনারগাঁয়ে আওয়ামী লীগ নেতা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর নিজস্ব অর্থায়নে গতকাল বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. জাকির হোসাইন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সহসভাপতি রাশেদউদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ ।

ঘিওরে বিশিষ্ট ব্যবসায়ী

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঘিওরে ব্যক্তিগত অর্থায়নে ৪৪০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল বানিয়াজুরী ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশিষ্ট ব্যবসায়ী কালাচাঁদ সাহার ব্যক্তিগত অর্থায়নে এ খাদ্যসহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চিকিত্সক ডা. জালাল উদ্দিন আহম্মেদ নিজ তহবিল থেকে গতকাল শাকরাইল গ্রামে  ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানু প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে স্থানীয় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুশীল কুমার সাহা, সমাজকর্মী টুটুল চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।