গুমের মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

আপডেট : ০৮ মে ২০২০, ২২:১৩

রূপগঞ্জে নিরাপত্তা চেয়ে থানায় জিডি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ব্যবসায়ী হেকমত আলী গুমের মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা বাদী রোকসানা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

 পুলিশ জানায়, কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার হেকমত আলী ভুলতা গাউসিয়া মার্কেটে মোটর পার্টসের ব্যবসা করতেন। তার দোকানের কর্মচারী কাঞ্চনের কেরাবো এলাকার রফিকুল ইসলামের সঙ্গে এক সময় হেকমত আলী ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। গত ৪ এপ্রিল হেকমত আলীকে মোবাইল ফোনে ডেকে আনেন রফিকুল ইসলাম। এরপর থেকে হেকমত আলী নিখোঁজ।

১৪ এপ্রিল হেকমত আলীর স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে রফিকুল ইসলাম সবুজ, তার সহযোগী মাহফুজুর রহমান, আল-মামুন ও ইয়াকুবকে আসামি করে রূপগঞ্জ থানায় গুমের মামলা দায়ের করেন। পুলিশ রফিকুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এরপর থেকে মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে গত ৮মে রূপগঞ্জ থানায় রোকসানা বেগম সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না বলেও অভিযোগ উঠেছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া গুমের মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।