বাগেরহাটে ক্লিনিকে নেওয়ার সময় সড়কের ওপর গতকাল শুক্রবার ভোরে নীপা মণ্ডল নামে এক গৃহবধূ সন্তান প্রসব করেছেন। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে বাগেরহাট সদর থানা পুলিশ ওই নারীকে মুক্তি ক্লিনিকে ভর্তি করে। নীপা মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী গ্রামের কৃষক অমৃত মণ্ডলের স্ত্রী।
পরিবার জানায়, গতকাল ভোরে নীপার প্রসব বেদনা হলে তাকে চিকিত্সার জন্য বাগেরহাট শহরের দাশপাড়া মোড়ে মুক্তি ক্লিনিকে নেওয়ার জন্য রওনা দেয়। সেখানে পৌঁছানোর আগেই রাস্তার ওপর কন্যাসন্তান প্রসব করেন নীপা। পরে পুলিশ এসে নীপাকে মুক্তি ক্লিনিকে ভর্তি করে। শিশুর বাবা অমৃত মণ্ডল অন্যের জমিতে ধান কাটার জন্য বর্তমানে চিতলমারী উপজেলায় অবস্থান করছেন। বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিলে, আমরা শিশুসহ মাকে রাস্তা থেকে তুলে নিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য স্থানীয় মুক্তি ক্লিনিকে ভর্তি করি। মুক্তি ক্লিনিকের চিকিত্সক ডা. কাইউম জানান, মা ও শিশু সুস্থ আছেন।
