বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের সব স্টেশনের ফাঁকা জায়গায় শাকসবজি চাষ করতে জরুরি নোটিশ দেওয়া হয়েছে। গত ৬ মে ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত ঐ নোটিশ পাঠানো হয় স্টেশনগুলোর ইনচার্জদের কাছে।
নোটিশ বাস্তবায়নের তাগিদ দিয়ে বলা হয়, স্টেশনের ফাঁকা জায়গায় শাকসবজি চাষ করতে ইনচার্জদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে।
বর্তমানে ঢাকা বিভাগে ১৪৩টি রেলস্টেশন রয়েছে। প্রত্যেকটি স্টেশনের প্লাটফর্মের পাশে, লোকশেড কিংবা লাইনের পাশে অনেক ফাঁকা জায়গা অব্যবহূত পড়ে থাকতে দেখা যায়।
এ ব্যাপারে ঢাকা বিভাগ রেলের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী বলেন, এসব অব্যবহূত জায়গা অযথা পড়ে না থেকে অন্তত রেল কর্মচারীদের সবজির চাহিদা পূরণে কাজে লাগে সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এসব সবজি চাষের প্রয়োজনীয় খরচাদি সংশ্লিষ্ট স্টেশনগুলো নিজেরা সরবরাহ করবেন এবং উত্পাদিত পণ্য নিজেরা ভোগ করতে পারবে। একটি ফাঁকা জায়গাও অনাবাদী থাকবে না, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
