নতুন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় আটকা পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরছেন। বিশেষ ফ্লাইটে তাদের দেশে আনা হচ্ছে। মেলবোর্ন থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতির পর গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা ছিল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সরকারের সহযোগিতায় এই প্রক্রিয়া সম্পন্ন করেছে ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়। এই অবস্থায় অস্ট্রেলিয়ায় আটকা পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চায় কি না, সেটি প্রাথমিকভাবে জানার জন্য একটি নোটিশ দেয় হাইকমিশন। ঐ নোটিশের পর ৩৪০ জন দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করে। এই আগ্রহের পরিপ্রেক্ষিতে সিডনি থেকে ঢাকা আসার জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ঐ ফ্লাইটে অনেকে অনাগ্রহ দেখালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ছোটো একটি প্লেনের ব্যবস্থা করা হয়। পরে ফ্লাইটটি মেলবোর্ন থেকে রওনা করে। যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে সব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারা সবাই করোনা উপসর্গ মুক্ত জানার পরেই ছাড়পত্র দেওয়া হয়।
