হালদা পাড়ে ক্ষতবিক্ষত ডলফিনের লাশ

আপডেট : ০৯ মে ২০২০, ০১:০৬

প্রাকৃতিক মত্স্য প্রজনন ক্ষেত্র ও অভয়ারণ্য হালদা নদীতে বিপন্নপ্রজাতির একটি ডলফিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকার ছায়াচর নামক স্থান হতে ক্ষতবিক্ষত মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে হাটহাজারী উপজেলার নয়াহাটের হালদার পাড়ে ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়।

আইডিএফয়ের জুনিয়র মত্স্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে কোনো জেলের অবৈধ জালে আটকা পড়লে ডলফিনটিকে ডাঙ্গায় তোলা হয় এবং কেটে চর্বি নেওয়ার চেষ্টা করা হয়। প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত এখান থেকে ২৩টি মৃত ডলফিন উদ্ধার করা হয়।