করোনা ভাইরাসের প্রকোপ এখনো থামেনি। তবে এরই মধ্যে দেশের অনেক কিছু সচল হয়েছে। বন্ধ রয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। গত ১৯ মার্চে স্থগিত করা হয় এই লিগ। যা দেশের সিংহভাগ ক্রিকেটারের রুটি-রুজির অবলম্বন। ঈদের পর সার্বিক দিক বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে প্রিমিয়ার লিগ শুরু করতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) চিঠি দিচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গতকাল অনলাইনে অনুষ্ঠিত কোয়াবের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। মিটিং শেষে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘আমাদের মিটিংয়ে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে। আমাদের করোনা তহবিলের টাকা কিভাবে, কোথায়, কাদের মধ্যে বণ্টন হবে তা নিয়ে আলোচনা হয়েছে।
