শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া-জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষা প্রকল্পে স্কাভেটরের (ভেকু) নিচে চাপা পড়ে সোহানুর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পদ্মা নদীর তীরের জাজিরা উপজেলার বিলাশপুর এলাকায় দুর্ঘটনায় ওই শ্রমিকের মৃত্যু হয়।
তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, নড়িয়া-জাজিরার পদ্মা নদীর ডান তীর রক্ষার কাজ চলছে। শ্রমিক সোহান ছয় মাস যাবত্ কাজ করছিল। শনিবার ভেকু মেশিনের চাপায় তিনি প্রাণ হারিয়েছেন।
জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) এম এ মজিদ বকুল বলেন, ভেকুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভেকু চালক পলাতক রয়েছেন।
