করোনার মধ্যেও বেড়েছে অ্যামাজনে বন উজাড়

আপডেট : ০৯ মে ২০২০, ২১:৩২

সেনা মোতায়েনের পরিকল্পনা ব্রাজিল সরকারের

বিবিসি

করোনা ভাইরাস মহামারির কারণে নিরাপত্তারক্ষীদের নজরদারি কমে যাওয়ার সুযোগে ব্রাজিলে অ্যামাজন বন উজাড় ব্যাপকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় অবৈধ কাঠ পাচার রোধে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে দেশটির সরকার।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (ইনপে) জানিয়েছে, গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর বন উজাড় হয়েছে অন্তত ৬৪ শতাংশ বেশি। আর করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের প্রথম চার মাসে অবৈধ কাঠ পাচার বেড়েছে অন্তত ৫৫ শতাংশ। ইনপে জানিয়েছে, ব্রাজিলে গত মাসে ৪০৫ বর্গকিলোমিটারেরও বেশি বন উজাড় হয়ে গেছে। গত বছর এই সময়ে সেখানে উজাড় হয়েছিল ২৪৮ বর্গকিলোমিটার। এ বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশটিতে বন নিশ্চিহ্ন হয়েছে অন্তত ১ হাজার ২০২ বর্গকিলোমিটার।

বন সংরক্ষণ সংস্থাগুলো বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই অ্যামাজন সংরক্ষণে মোতায়েন নিরাপত্তারক্ষীর সংখ্যা অনেক কমে গেছে। ইমাজন নামের অলাভজনক গোষ্ঠীর গবেষক পাউলো বারেতো বলেন, মহামারিতেও বনের কোনো উপকার হয়নি। কারণ, অ্যামাজনের প্রত্যন্ত অঞ্চলের কাঠ পাচারকারীরা করোনা ভাইরাসকে পরোয়া করে না। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ব্রাজিলে। দেশটিতে এরই মধ্যে ১ লাখ ৪১ হাজারের বেশি মানুষের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ।

পৃথিবীর সর্ববৃহত্ বনাঞ্চল অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে এর ভূমিকা ব্যাপক। পৃথিবীর বায়ুমন্ডলে থাকা অক্সিজেনের ২০ শতাংশেরই উত্পত্তি অ্যামাজনে। গবেষকদের মতে এই বন প্রতিবছর ২০০ কোটি মেট্রিকটন কার্বন ডাই অক্সাইড শোষণ করে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হারকে ধীর করতে অ্যামাজনের ভূমিকাকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিশ্বের দীর্ঘতম এই বনভূমির আয়তন যুক্তরাষ্ট্রের আয়তনের প্রায় অর্ধেক।

ব্রাজিলের ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো গত বছর ক্ষমতায় আসার পর থেকেই অ্যামাজন বন উজাড় হওয়া বেড়েছে। এজন্য তার বিতর্কিত নীতিকে দায়ী করছেন অনেকে। অ্যামাজন বনের গাছ পরিষ্কার করে সেখানে চাষাবাদ ও খননকার্য চালানোই ব্রাজিলকে দারিদ্র্যমুক্ত করার একমাত্র উপায় বলে অভিহিত করেছেন বোলসোনারো। যদিও বনভূমি উজাড় হওয়া ঠেকাতে চলতি সপ্তাহের প্রথম দিকে অ্যামাজন অঞ্চলে সেনা মোতায়েনের অনুমতি দিয়েছেন তিনি।