বিবিসি
প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ বলেছেন, ব্রাজিল জুড়ে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় তার দেশের সাফল্য হুমকির মুখে পড়েছে। তিনি বলেছেন, তাদের দেশে আক্রান্ত হওয়া ৫৬৩ জনের অর্ধেকেরও বেশি প্রতিবেশি ব্রাজিল থেকে ফেরা লোক।
প্যারাগুয়ে গত দুই মাস ধরে কঠোর লকডাউনের মধ্য দিয়ে গেছে এবং কোভিড-১৯ আক্রান্ত অধিকাংশ রোগীকে সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে কোয়ারেন্টাইনে রেখেছে। এদিকে ব্রাজিল দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাস আক্রান্তের দেশ হয়ে উঠেছে। শনিবার দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ২ জন। এতে করে ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৮৯৪ জনে দাঁড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। প্যারাগুয়ে ও ব্রাজিলের মধ্যে ৪০০ কিলোমিটার সীমান্ত আছে যার নিয়ন্ত্রণ অনেকটা শিথিল ছিল। কিন্তু এই সীমান্তের ‘সবচেয়ে নাজুক অংশগুলোতে সামরিক বাহিনী মোতায়েন করে নিয়ন্ত্রণ কঠোর করা হয়েছে’ বলে প্রেসিডেন্ট বেনিতেজ সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বিশ্বে করোনা ভাইরাস এখন সবচেয়ে দ্রুত বিস্তার লাভ করছে সম্ভবত ব্রাজিলে আর এটি আমাদের দেশের জন্য একটা বিরাট হুমকি।’
