মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ও ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সচিব আক্রান্ত

আপডেট : ০৯ মে ২০২০, ২৩:০৭

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের ব্যক্তিগত সচিবও করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হোয়াইট হাউজে চার জনের শরীরে করোনার পজিটিভ পাওয়া গেল। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সাজভৃত্য বা পরিচারকও করোনায় আক্রান্ত হন। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এক কর্মকর্তার শরীরেও ভাইরাস পজিটিভ পাওয়া যায়।

গতকাল হোয়াইট হাউজ জানায়, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার আক্রান্ত হয়েছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। সিএনএন জানিয়েছে, ইভাঙ্কার ঐ ব্যক্তিগত সচিব বাড়ি থেকেই কাজকর্ম চালাচ্ছিলেন। গত বেশ কয়েক সপ্তাহ তিনি ইভাঙ্কার কাছাকাছিও আসেননি। সিএনএন আরো জানায়, শরীরে সংক্রমণ ধরা পড়লেও এখনো উপসর্গহীন ঐ সচিব। একটি সূত্র জানিয়েছে, গত শুক্রবার ইভাঙ্কা ও তার স্বামী জারেড কুশনেরের নমুনা পরীক্ষা করা হয়। অবশ্য তাদের সংক্রমণ ধরা পড়েনি। সতর্কতার অংশ হিসেবে প্রতিদিনই ট্রাম্প ও পেন্সের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।