ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৯ মে ২০২০, ২৩:১৫

বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার একাদশতম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে এ বছর আনুষ্ঠানিকতা বেশি না থাকলেও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে এবং ওয়াজেদ মিয়ার বাড়ি রংপুরের পীরগঞ্জে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও কোরআন তিলাওয়াত হয়েছে।

রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, দিবসটি উপলক্ষ্যে জেলার পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেপুরে ওয়াজেদ মিয়ার সমাধিতে রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়। পরে সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ফাতিহা পাঠ ও দোয়া-মোনাজাত করা হয়।

১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে ওয়াজেদ মিয়া জন্মগ্রহণ করেন। ‘সুধা মিয়া’ নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। তিনি ১৯৬৭ সালে বঙ্গবন্ধুর কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিয়ে করেন। ওয়াজেদ মিয়া বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৯৯ সালে অবসর গ্রহণ করেন। ওয়াজেদ মিয়ার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র’। ২০০৯ সালের ৯ মে তিনি মারা যান।