করোনার চিকিত্সা

প্রথম জেনেরিক ওষুধ উত্পাদন করেছে বেক্সিমকো ফার্মা

আপডেট : ০৯ মে ২০২০, ২৩:১৫

গণমাধ্যামে প্রকাশিত ‘করোনার চিকিত্সায় দেশে প্রথম রেমডেসিভির উত্পাদন করল এসকেএফ’ শীর্ষক সংবাদের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা মনে করি এই সংবাদ প্রতিবেদন বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে ভুল। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, বাংলাদেশে বেক্সিমকো ফার্মাই প্রথম এই জেনেরিক ওষুধ উত্পাদন করেছে। শুধু তা-ই নয়, বেক্সিমকো ফার্মাই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র কোম্পানি যারা ওষুধ প্রশাসন অধিদপ্তরে (ডিজিডিএ) পরীক্ষা ও অনুমোদনের জন্য এই জেনেরিক ওষুধের চূড়ান্ত নমুনা জমা দিয়েছে। এই ওষুধ উত্পাদনের পর সব প্রয়োজনীয় অভ্যন্তরীণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার পর ৭ মে ওষুধ প্রশাসন অধিদপ্তরে পরীক্ষা ও অনুমোদনের জন্য চূড়ান্ত নমুনা জমা দেয় বেক্সিমকো ফার্মা। কোনো  কোম্পানি বাংলাদেশ বা বিশ্ব জুড়ে কোনো ওষুধ সরবরাহ করার আগে এই অনুমোদন গ্রহণের বিষয়টি আইনগতভাবে বাধ্যতামূলক। অনেক আগে রেমদেসিভির উত্পাদন করলেও এর ঘোষণা দেওয়া থেকে বিরত থাকে বেক্সিমকো ফার্মা, কেননা আমরা মনে করেছি যে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক যাচাই-বাছাই ও কার্যকারিতার পরীক্ষা সম্পন্ন হওয়ার আগে এ ধরনের ঘোষণা দায়িত্বজ্ঞানহীন ও অনৈতিক হতো; পাশাপাশি জনগণকেও বিভ্রান্ত করত।—প্রেস বিজ্ঞপ্তি