ভার্চুয়াল উপস্থিতিতে চলবে বিচার

আপডেট : ১০ মে ২০২০, ০০:৪৩

আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের ভার্চুয়াল উপস্থিতিতে চলবে আদালতের বিচার কার্যক্রম। করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ ও নিম্ন উভয় আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচারকাজ পরিচালনার লক্ষ্যে এ সংক্রান্ত অধ্যাদেশ গতকাল শনিবার জারি করা হয়েছে। সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ জারি করেন। পরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

এই অধ্যাদেশ অনুযায়ী অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতিতে মামলার বিচার বা বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় প্রদান করবেন বিচারকরা। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সাহায্যে আইনজীবী ও মামলার পক্ষগণ বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। অর্থাত্ মামলার পক্ষগণ বা আইনজীবীকে সশরীরে আদালত কক্ষে উপস্থিত থাকার প্রয়োজন নাই। অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ আদালতের বিচারকাজে অংশগ্রহণ করলে তা ভার্চুয়াল উপস্থিতি হিসেবে গণ্য হবে বলে ঐ অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

উচ্চ আদালতের বিচারকাজে তথ্যপ্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে হাইকোর্টের রুলস সংশোধনের জন্য একটি কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পাঁচ সদস্যের ঐ কমিটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুবকে সভাপতি করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন—বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামান।