যতদিন যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই করোনা ভাইরাস আতঙ্কে করোনা আক্রান্তরাও যেমন চিকিৎসা নিতে গিয়ে হিমশিম খাচ্ছে পাশাপাশি সাধারণ রোগীরাও সেবা নিতে গিয়ে পড়ছেন বিপাকে।
ছবিতে (১) শনিবার (৯ মে) রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা ক্লাবের সামনের সড়কে রাকিবুল নামে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে করোনাভাইরাস আতঙ্কে যেখানে কেউ সামনে গিয়ে তাকে সাহায্য করার সাহস করছিল না, সেখানে মুহূর্তেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুলিশের এক কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম,পিপিএম। তার উদ্যোগে দুইজন পথচারী ও পুলিশের পরিদর্শক মোঃ দিদার হোসেনের সহযোগিতায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয় রাকিবুলকে। ঢাকা মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হলে সেখান থেকে জানানো হয় করোনা ভাইরাসের রোগী ছাড়া তারা অন্য কোনো রোগী রাখেন না। এমন পরিস্থিতিতে মোঃ দিদার হোসেন সি.এন.জি করে রাকিবুলকে নিয়ে যায় অন্য আরেকটি হাসপাতালে।
ছবিঃ ১
ছবিঃ ২

ছবিতে (২) নারায়ণগঞ্জ জেলার ভুলতার ডিকেএমসি হসপিটালে গেল ৪ তারিখে রিয়া নামের এই নারীর ডেলিভারী হবার পরে গতকাল ২য় বারের মতো হাসপাতালে নিয়ে গেলে, ডিকেএমসি হসপিটাল রোগীকে কোরনাভাইরাসে সন্দেহে রোগীকে ভর্তি না করে, ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠিয়ে দেয়। রোগীকে নিয়ে সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল হাসপাতালে টিকেট কাটার পর থেকে দীর্ঘ লাইনে এই লাইন সেই লাইন করতে করতে পরে চিকিৎসা নিতে না পারায় বেলা ১টা ৩০ মিনিটে রোগী নিয়ে বাড়ি ফিরে যায়।
এইভাবে প্রতিনিয়ত হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীর সাথে সাথে সাধারণ রোগীরাও পড়ছে বিপাকে। এমন পরিস্থিতিতে চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে চলমান সংকটে প্রায়শই মৃত্যু হচ্ছে রোগীদের।
ইত্তেফাক/এমএএম

